ব্রাজিল জাতীয় ফুটবল দল চলতি বছরের শেষ দিকে একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসতে পারে। সম্ভাব্য আয়োজক শহর হিসেবে আলোচনায় রয়েছে কলকাতা। ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং ভারতীয় আয়োজকদের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলমান ফিফা বিশ্বকাপ চলাকালেই সিবিএফ ও ভারতীয় প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছ থেকে ব্রাজিল যে ব্যাপক সমর্থন পেয়েছে, সেটিই ভারতে ম্যাচ আয়োজনের আগ্রহ বাড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতীয় সমর্থকদের ব্রাজিলকে ঘিরে উচ্ছ্বাস ব্যাপকভাবে নজর কেড়েছিল।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ব্রাজিলের তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সূচি রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। প্রথমটি ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।

তৃতীয় প্রীতি ম্যাচটির ভেন্যু ও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তবে ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, সেই ম্যাচটি ভারতে আয়োজনের সম্ভাবনাই বর্তমানে সবচেয়ে বেশি। যদিও বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার থেকেও ব্রাজিলকে আমন্ত্রণ জানানো হয়েছে, এখন পর্যন্ত কেবল ভারতের সঙ্গেই আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে।

এই একক ম্যাচ যদি সত্যিই কলকাতায় চূড়ান্ত হয় এবং অনুষ্ঠিত হয়, তাহলে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির দীর্ঘদিনের সম্পর্কে যুক্ত হবে আরেকটি অধ্যায়। ১৯৭৭ সালে পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস