বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল মেসিদের। আর এই পরাজয়ের প্রভাব এবার পড়ছে দলটির অফিসিয়াল জার্সিতেও।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন দলের স্বীকৃতিস্বরূপ আর্জেন্টিনার জার্সিতে এতদিন থাকা ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজটি আর ব্যবহার করা হবে না। গত ১৯ জুলাইয়ের ফাইনালের পর সেই মর্যাদা চলে গেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দখলে।
এর ফলে আগামী দিনগুলোতে স্পেনের জার্সিতেই দেখা যাবে ২০২৬ বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ। বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে এতদিন যে এম্বলেমটি আর্জেন্টিনার জার্সিতে শোভা পাচ্ছিল, সেটিই এখন স্থান করে নেবে লামিনে ইয়ামালদের কিটে।
বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ হারালেও আর্জেন্টিনার জার্সিতে থাকছে সর্বশেষ অর্জনের স্মারক। ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের প্যাচটি আগের মতোই বহাল থাকবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট নিজেদের করে নেয় স্পেন।
টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। কিন্তু স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে তারা ন্যূনতম লড়াইও করতে পারেনি। ৯০ মিনিটে কোনো শটই নিতে পারেনি লিওনেল মেসির দল, অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তা ছিল না অন-টার্গেটে। এরই মাঝে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির বলা কিছু কথা ছড়িয়ে পড়েছে। যাকে কেন্দ্র করে নানান ‘ষড়যন্ত্র তত্ত্ব‘ ডালপালা মেলেছে। যদিও দেশটির ফুটবল ফেডারেশন এসব উড়িয়ে দিয়েছে।