স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর গারদখানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতিকালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছে ডাকাতি মামলার আসামি সম্রাট। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে সদর মেট্রো থানা পুলিশ। তার পিতার নাম দুলাল এবং তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়।
সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে তাকে আদালতে হাজির করার উদ্দেশ্যে গারদখানায় নেওয়া হয়। এ সময় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দ্রুত পালিয়ে যায় তিনি।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, 'আসামি সম্রাটকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। তার হাত চিকন হওয়ায় সে এই সুযোগটি কাজে লাগায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।'
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, 'ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হবে।'
পুলিশ জানিয়েছে, পলাতক সম্রাটকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও বিভাগীয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।