বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দল মরক্কো। হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। ম্যাচটির ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে সুপারকম্পিউটার অপ্টা অ্যানালিস্ট।

অপ্টা অ্যানালিস্টের হিসাব অনুযায়ী, ম্যাচটিতে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিল। সেলেসাওদের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ১৮.৮ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ২৩.৫ শতাংশ।

এ ছাড়া, শুধু একটি ম্যাচের ফল নয়, পুরো গ্রুপ সি–তে শীর্ষস্থান দখলের দৌড়েও ব্রাজিলকে এগিয়ে রাখছে পরিসংখ্যান। অপ্টা অ্যানালিস্টের বিশ্লেষণ অনুযায়ী, গ্রুপ টপার হওয়ার ক্ষেত্রে হেক্সা মিশনের দলটির সম্ভাবনা দাঁড়িয়েছে ৬৫.৮৫ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৩.১৪ শতাংশ।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল এমন এক দল, যারা প্রতিটি বিশ্বকাপ আসরেই নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত কোনো আসর মিস করেনি তারা। তবে ২০০২ সালের পর থেকে আর শিরোপা জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার তাই তাদের লক্ষ্য স্পষ্ট—ষষ্ঠ শিরোপা ঘরে তোলা।

অন্যদিকে, মরক্কো এখন আর কেবল ‘আন্ডারডগ’ পরিচয়ে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত উঠে তারা নিজেদের শক্তি ও ধারাবাহিকতার প্রমাণ দিয়েছে। সংগঠিত রক্ষণভাগ, দ্রুত গতির কাউন্টার অ্যাটাক এবং শৃঙ্খলাবদ্ধ দলীয় খেলায় তারা যেকোনো বড় দলের জন্যই কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

দুই দল এনিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। ১৯৯৮ সালে ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে মরক্কোকে পেয়েছিল ব্রাজিল। রোনালদো ও রিভালদোর গোলে ৩-০ তে জিতেছিল তারা। এছাড়া আফ্রিকানদের বিপক্ষে ব্রাজিল বরাবর এগিয়ে। বিশ্বকাপে আটবার আফ্রিকান প্রতিপক্ষের মুখোমুখি হয়ে সাতটি জিতেছে, একমাত্র হার গত আসরের গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে।