সবুজ ঘাসের মাঠে লিওনেল মেসি বল পায়ে নিলে মুহূর্তেই বদলে যায় ম্যাচের চিত্র। তার জাদুকরী ফুটবলে মুগ্ধ হন শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, প্রতিপক্ষ দলের ভক্তরাও। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই সেই চেনা রূপে দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ককে। হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের দাপুটে জয় এনে দিয়েছেন তিনি।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটেই গোলের খাতা খোলেন মেসি। এরপর আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার দুর্দান্ত নৈপুণ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করেছে দুর্দান্ত জয় দিয়ে।
মাঠের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীও মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধতা লুকাতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এই লোকটা এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’
ব্রাজিলের সমর্থক হয়েও মেসির প্রতি বুবলীর এই অকপট প্রশংসা ও ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসির প্রতিভার সামনে ভক্তির জায়গাটি সবার জন্যই এক।