ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে নিজের পরিবেশনার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। শুক্রবার কানাডায় অনুষ্ঠিত এ আসরে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করেন তিনি। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা করেন আদিবাসী বংশোদ্ভূত গায়ক উইলিয়াম প্রিন্স। এরপর মঞ্চে ঝড় তোলেন সঞ্জয়। বলিউডের নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ তারকা ভেভেড্রিমের সঙ্গে সুরের মূর্ছনায় মেতে ওঠেন তিনি। তারা তিনজন মিলে গেয়ে শোনান ফিফার অফিসিয়াল গান ‘সির সির’। একই অনুষ্ঠানে আরও পারফর্ম করেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলিসিয়া কারা, জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানার মতো বিশ্বখ্যাত সব তারকা। গত ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘সির সির’ গানটি ইতিমধ্যেই ঝড় তুলেছে। পারফরম্যান্সের পাশাপাশি সঞ্জয় সবার নজর কেড়েছেন তাঁর পরনের বিশেষ জ্যাকেটটির জন্য। জ্যাকেটের ডান হাতের স্লিভে এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকা। পারফর্ম করার সময় সঞ্জয় বারবার নিজের হাতের সেই স্লিভের দিকে আঙুল উঁচিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের এই গৌরবময় প্রতীকগুলো প্রদর্শন করছিলেন। বিশ্বমঞ্চে নিজের শেকড়কে তুলে ধরার এই অনন্য ও অভিনব কায়দা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা প্রশংসায় ভাসছে নেটদুনিয়ায়। দেশের বিভিন্ন সংগীতশিল্পী সহ অনেক তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার প্রশংসা করেন। সঞ্জয় নিজের ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাই পিপল। দিস ইস জাস্ট দ্য স্টার্ট অব সামথিং বিউটিফুল।’ সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। চট্টগ্রামে কাটিয়েছেন শৈশবের বড় একটি অংশ। তবে এরপর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। সংগীতের কারণে গ্লোবাল প্ল্যাটফর্মে বিচরণ থাকলেও নিজের শেকড়ের প্রতি তাঁর টান প্রবল। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর থিম সং-এও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। বলিউডের শ্রেয়া ঘোষালের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয়। দেশের শীর্ষস্থানীয় তারকাদের সঙ্গেও বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।