প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় শ্রম সংস্কার বাস্তবায়ন করার জোর দাবি জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শ্রমিক-জনতার আত্মত্যাগ স্মরণ, গণঅভ্যুত্থানের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্মাণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাড. আতিকুর রহমান নির্মাণ খাতে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা এবং নির্মাণ শ্রমিক বোর্ড গঠনের দাবি জানান। একই সঙ্গে তিনি বৈষম্য দূর করে শ্রমিকবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে ঠেলে না দিয়ে দেশ গঠনে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্ত হয়েছে। তিনি দাবি করেন, ওই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নির্মাণ শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বহু শ্রমিক প্রাণ হারান।

বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নির্মাণ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান এবং আগামী জাতীয় বাজেটে শ্রমিকবান্ধব পদক্ষেপ না নিলে শ্রমিকসমাজ জবাব দেবে বলে মন্তব্য করেন।

ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক জামিল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মহিবুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, নির্মাণ সেক্টর সভাপতি নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু এবং স্টিল ইঞ্জিনিয়ারিং কর্মচারী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।