গণভোটের গণরায় বাস্তবায়ন এবং উত্তরাঞ্চলের প্রধান প্রধান সমস্যা সমাধানের দাবিতে আগামী ১১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ। সমাবেশটি বেলা ২:৩০টায় রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত হবে।
বুধবার (৮ জুলাই, ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়াও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিজনিত জনদুর্ভোগ লাঘবের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরা হবে।
সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
এদিকে সমাবেশটি সফল করতে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি রংপুর বিভাগের জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সর্বস্তরের জনগণ ও সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই বিভাগীয় সমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।