পাবনার ভাঙ্গুড়ায় জামিল হোসেন (৫০) নামে এক নিরীহ কৃষককে বিএনপি নেতা কর্তৃক পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (২২ জুন) এক বিবৃতিতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, "পাবনার ভাঙ্গুড়ায় জামিল হোসেন নামের এক নিরীহ কৃষককে বিএনপি নেতা কর্তৃক বর্বরভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় গোটা জাতি স্তম্ভিত হয়ে পড়েছে। এই হত্যাকাণ্ড মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করছি।"

তিনি গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আইনের শাসনের অভাবে অপরাধীরা আস্কারা পেয়ে যাচ্ছে, যার কারণে একের পর এক সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। একজন সাধারণ কৃষি শ্রমিকও আজ নিরাপদ নন। গত ২০ জুন (শনিবার) রাজশাহীর বাঘা উপজেলার হরিণা গ্রামের আবু মণ্ডলের ছেলে জামিল হোসেন পাবনায় জীবিকার তাগিদে কাজ করতে এসে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

বিবৃতিতে জামায়াত নেতা এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও পলাতক বিএনপি নেতা (চরভাঙ্গুড়া গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে) ইউসুফ আলীকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

একই সাথে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা দেওয়ার দাবি জানান তিনি।

অ্যাডভোকেট জুবায়ের নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।