১৭ জুলাই (জুমআবার) সকালে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি), ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর মিরপুরে অবস্থিত রঙধনু কনভেনশন সেন্টারে ‘কর্মী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের প্রায় ৭০ শতাংশ উন্নয়ন বাজেট প্রকৌশলীদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই দেশ গঠনে প্রকৌশলী সমাজের স্মার্টনেসের পাশাপাশি ফেয়ারনেস তথা সততা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্পের ব্যাপক বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
শিক্ষাশিবিরের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “জায়নবাদী শক্তি বিশ্বজুড়ে অর্থনৈতিক অবরোধ এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে একক ইসলামবিরোধী কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। বিশ্বরাজনীতির এমন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদের সচেতন থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মাদ সেলিম উদ্দিন। তিনি সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি প্রকৌশলীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের উপদেষ্টা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুছা, ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার ও মুফতি আলী হাসান উসামা প্রমুখ।
ফোরামের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক।
সভাপতির বক্তব্যে জনাব আবিদ হাসান শিক্ষাশিবির থেকে অর্জিত শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মসূচিতে এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের বিপুলসংখ্যক প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর ও আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাশিবিরটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।