বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মুজাহিদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবাণীতে তিনি বলেন, বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) আজ (১৯ জুন) বিকালে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, কবি আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তাঁর সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে।
শোক বার্তায় জামায়াত আমীর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর জীবনের সকল নেক আমল কবুল করার জন্য দোয়া করেন। তিনি পরম করুণাময়ের কাছে শোকসন্তপ্ত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহীদের এই গভীর শোক সহ্য করার তাওফিক কামনা করেন। একই সাথে পরিবারের সবাইকে এই কঠিন সময়ে উত্তম ধৈর্য ধারণ করার বিশেষ শক্তি দানের জন্য প্রার্থনা করা হয়েছে।