প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো - SPARRSO) আকস্মিক পরিদর্শন করেছেন। তিনি প্রতিষ্ঠানটিকে প্রযুক্তিগত আধুনিকায়ন, জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।
আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় হঠাৎ পরিদর্শনে এসে এমন নির্দেশ দেন। যদিও এটি তার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী প্রযুক্তিগত আধুনিকায়নের ক্ষেত্র স্যাটেলাইট ইমেজ প্রসেসিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করে স্পারসোর কারিগরি সক্ষমতা বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন।
জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা: মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জাতীয় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেন।
কৃষি ও খাদ্য নিরাপত্তা: স্যাটেলাইটের মাধ্যমে ফসলের অবস্থা ও মাটির আর্দ্রতা পর্যবেক্ষণ করে সঠিক ডেটা সরবরাহ করার তাগিদ দেন।
স্বনির্ভরতা অর্জন: মহাকাশ বিজ্ঞান ও উপগ্রহ প্রযুক্তিতে দেশকে স্বনির্ভর করে তোলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্যও কর্মকর্তাদের আহবান জানান।