চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ও চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় নারীদের জন্য বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রায় ১২০০ এর অধিক শিক্ষার্থী এই ফ্রি চিকিৎসা গ্রহণ করে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্বিবদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে বিকাল ৩ টায় শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা চারটি বিভাগের ৯ জন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সেবা নেন। এসব সেবার মধ্যে রয়েছে গাইনোকোলজি, নিউট্রিশনিস্ট, মেডিসিন ও ডার্মাটোলোজিস্ট। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের নির্দিষ্ট পরিমাণের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এতে প্রায় ১২টি বুথ দেখা যায়। এর মধ্যে প্রাইমারী চেকআপ বুথ ২ টি, মেডিসিন বুথ ৪ টি, গাইনোকলজি বুথ ২টি, ডার্মাটোলজি বুথ ৩টি ও নিউট্রিশন বুথ ছিল ১টি।

ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমরা বিপুল পরিমাণ ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করছি। অর্থাৎ এই ধরনের ক্যাম্পের প্রতি আমাদের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। এই ধরনের ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের চাক্ষুষ উদ্যোগে ভবিষ্যতে আরও আমরা আয়োজন করব। আমরা ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের বিষয়টা যেমন নজর দিয়েছি, তাদের পুষ্টির বিষয়েও আমরা নজর দিব। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চাকসু ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের এই মহতী উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

চবিতে চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

আয়োজন সম্পর্কে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা নির্বাচনের পর থেকে পাঁচ-ছয় ঘণ্টার বেশি ঘুমাতে পারি না। নির্বাচিত প্রতিনিধিদের ওপর শিক্ষার্থীদের অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাই, প্রতি বছর যেন নিয়মিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।

চিকিৎসাসেবা নেওয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমা বলেন, চাকসুর এ উদ্যোগের প্রশংসা না করলেই নয়। আজ ক্যাম্পাসেই আমি ডাক্তার দেখাতে পেরেছি এবং ফ্রিতে ওষুধও পেয়েছি যেটা আমাদের মেডিকেল সেন্টারে পেতাম না। আর আমাদের ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো চিকিৎসা সেবা পায় না। তাই ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

এর আগে সকাল ১০টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক। এ সময় চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. মো সফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক বলেন, চাকসুর উদ্যোগে কিছুদিন আগেও আমরা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালিয়েছি। আমরা এমন উদ্যোগ নিতে চাচ্ছি যাতে চিকিৎসার জন্য কাউকে ঢাকা বা অন্য কোথাও যেতে না হয়। এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আগামীতে আমরা বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা চুক্তি হয়েছে যেখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন টেস্টে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়ারও কথা হয়েছে।