ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে “এডভান্সিং স্কলারলি ফ্রন্টায়ার্স ইন কুরআনিক ইন্টারপ্রেটেশন এন্ড মডার্ন এপ্লিকেশন (কুরআনিক ব্যাখ্যা ও সমকালীন প্রয়োগে জ্ঞান-গবেষণায় নতুন দিগন্ত)” শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় আল-কুরআন বিভাগের সেমিনার কক্ষে আন্তর্জাতিক মানের এই সিম্পোজিয়ামটি শুরু হয়।

এসময় বিভাগের শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পাঁচজন নবীন গবেষক তাঁদের স্ব-স্ব থিসিস ও গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আধুনিক প্রযুক্তি, বন্যপ্রাণী সংরক্ষণ এবং ইসলামি দর্শনের নানা প্রাতিষ্ঠানিক ও বাস্তব প্রয়োগ নিয়ে বৈচিত্র্যময় বিষয় ফুটিয়ে তোলা হয়।

প্রথমেই মোঃ ছাফওয়ানুর রহমান, প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে ‘কনজারভেশন অব ওয়াইল্ডলাইফ ইন দ্য লাইট অব দ্য কুরআন অ্যান্ড সুন্নাহ’ শীর্ষক নিবন্ধটি উপস্থাপন করেন। এরপর আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া তাঁর সুপারভাইজর প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝির অধীনে ‘ডিফারেন্ট কনটেক্সচুয়াল ডাইমেনশনস অব কুরআনিক ইন্টারপ্রিটেশন ইন দ্য লাইফ অব প্রফেট (পিস বি আপন হিম)’ শীর্ষক গবেষণাপত্র পেশ করেন।

পরবর্তীতে প্রযুক্তির সাথে ইসলামি মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে মুহাঃ ফয়জুল্লাহ, প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াসের তত্ত্বাবধানে ‘অ্যান ইসলামিক এথিক্যাল অ্যানালাইসিস অব হিউম্যান-এআই ইন্টারঅ্যাকশন’ বিষয়ে আলোচনা করেন। একই সাথে ইসলামি অর্থ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারে মোহাম্মদ আবু সাইদ তাঁর গবেষক ড. খান মুহাম্মদ ইলিয়াসের সঙ্গে যৌথভাবে ‘ব্রিজিং থিওলজি অ্যান্ড টেকনোলজি: দ্য কম্পিউটেশনাল ওয়াকিল ফ্রেমওয়ার্ক ফর ইসলামিক ওয়েলথ ম্যানেজমেন্ট’ শীর্ষক পেপারটি তুলে ধরেন। পরিশেষে মোঃ আব্দুর রহিম, প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেনের দিকনির্দেশনায় ‘এথিক্যাল অ্যাপ্রোচ অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি: আ স্টাডি ইন দ্য লাইট অব দ্য কুরআন অ্যান্ড সুন্নাহ’ নিবন্ধটি পেশ করেন।

বিভাগের শিক্ষক প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. এ.বি.এম. ফারুক, প্রফেসর ড. আ.ফ.ম. আকবর হোসাইন, প্রফেসর ড. আবূ নোমান মোঃ এরশাদ উল্লাহ, প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, প্রফেসর ড. মোহাঃ জালাল উদ্দীন এবং প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

আলোচনা পর্বে শিক্ষকমণ্ডলী নবীন গবেষকদের কাজের ভূয়সী প্রশংসা করেন। ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী এই অনন্য আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার অভিপ্রায় প্রকাশ করেন। গবেষণার উচ্চমান দেখে ড. আ.ফ.ম. আকবর হোসাইন মন্তব্য করেন, “আজকের এই আয়োজনটি আমার শিক্ষকতা জীবনের অন্যতম সেরা উপভোগ্য মুহূর্ত ছিল।”

গবেষকদের উপস্থাপনা শৈলীর প্রশংসা করে ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, “তাদের আজকের উপস্থাপনা আমাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। উপস্থাপনা যে একটি শিল্প, তাদের পরিবেশনায় তা শৈল্পিক পর্যায়ে পৌঁছে গেছে।”

পরিশেষে প্রফেসর ড. এ.বি.এম. ফারুকের বিশেষ দোয়া ও শুভকামনার মাধ্যমে অর্থবহ এই সিম্পোজিয়ামের সাফল্যমণ্ডিত সমাপ্তি ঘটে।