মুন্সিগঞ্জের শ্রীনগরে এক স্কুল শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ (পর্নোগ্রাফি) করার অভিযোগে অভিযুক্ত মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানার উত্তর বালাসুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রিফাত হোসেন (২৩)। সে উত্তর বালাসুর এলাকার মো. আব্দুর রহিম মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ভুক্তভোগী ১৪ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। তার মা-বাবা উভয়েই প্রবাসী হওয়ায় সে বাড়িতে থাকত। এই সুযোগে সম্পর্কে আপন মামাতো ভাই হওয়া রিফাত হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে।পরবর্তীতে ভুক্তভোগীর বোন পর্নোগ্রাফি ও ধর্ষণের অভিযোগে থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ তৎপরতা শুরু করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করে জানান, শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ টিম উত্তর বালাসুর এলাকায় অভিযান চালায়। এসময় এজাহারনামীয় আসামি রিফাত হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।