গাজীপুরে নিজের অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ধর্ষণের মামলায় এক পিতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গাজীপুর মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোছাম্মৎ সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা মো. রিপন হোসেন স্ত্রী ও ১৫ বছর বয়সী কন্যাকে নিয়ে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার মাধবপুর বরিশালের টেক এলাকায় বসবাস করতেন। ২০২৫ সালের ২৭ মার্চ রাতে নিজ বাসায় ওই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালত চলতি বছরের ১১ মে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিনা বেগম বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই দণ্ডাদেশ দিয়েছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সোহেল জামিল সরকার জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন।