হংকং থেকে আনা ফলের চালানের আড়ালে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণের বার জব্দ করেছে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউজ। গতকাল রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যৌথ অভিযানে এই স্বর্ণের চালান উদ্ধার করা হয়। জব্দ হওয়া প্রতিটি বারের ওজন ১ কেজি, সব মিলিয়ে প্রায় ১৬ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, চালানটির ঘোষণাপত্রে পণ্য হিসেবে ফল উল্লেখ করা হয়েছিল। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ‘ফুড লিঙ্ক’ এবং এর এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২। অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বলেন, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের চালান জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে ফল আমদানির আড়ালে সংঘবদ্ধ চোরাচালান চক্র বিপুল পরিমাণ স্বর্ণ দেশে আনার চেষ্টা করছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে বলে কাস্টমস জানিয়েছে।