গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরকারের যুগ্মসচিব মিজ তানজিলা খানম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি নগর ভবনে উপস্থিত হয়ে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) মোঃ সানিউল কাদের, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা ড. মুশফিকা হাসনীন, প্রধান নগর পরিকল্পনাবিদ ড. সায়েকা বিনতে আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) হাফিজা জেসমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। নগর ভবনে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নবনিযুক্ত সিইওকে স্বাগত জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন পাওয়া তানজিলা খানম এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশনের প্রশাসনিক নেতৃত্বে যুক্ত হলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নগরবাসীর জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী সেবা নিশ্চিত করতে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নই হবে তাঁর অগ্রাধিকার।
গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ এই প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে সিটির উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং নগরবাসী আরও উন্নত ও কার্যকর সেবা পাবেন।
নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার যোগদানের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।