গাজীপুর মহানগরের দাক্ষিণখান পূর্বপাড়া এলাকায় অবৈধ মদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৬০ লিটার উৎপাদিত দেশীয় মদ, মদ তৈরির কাঁচামাল ভর্তি ২৯টি ড্রাম এবং মদ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন ও সরঞ্জাম উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত এ কারখানার বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত ৯টা থেকে সোমবার (১৩ জুলাই) রাত ১টা পর্যন্ত মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের দাক্ষিণখান পূর্বপাড়া ভূঁইয়া বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ মদ তৈরির আস্তানার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৬০ লিটার উৎপাদিত দেশীয় মদ, মদ তৈরির কাঁচামাল ভর্তি ২৯টি ড্রাম এবং উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম। তিনি জানান, মহানগরে অবৈধ মদ উৎপাদন, মাদক ব্যবসা ও সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেখানেই অবৈধ মাদক বা মদ তৈরির তথ্য পাওয়া যাবে, সেখানেই দ্রুত অভিযান পরিচালনা করা হবে। মাদক ও অবৈধ মদের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগরজুড়ে মাদক ও অবৈধ মদের বিরুদ্ধে বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। নিরাপদ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।