শিক্ষার্থীদের মাঝে দেশীয় ও মৌসুমি ফল সম্পর্কে জ্ঞান, স্বাস্থ্যসচেতনতা এবং আনন্দঘন শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে ইউনাইটেড কেয়ার স্কুল অ্যান্ড হোমস-এর উদ্যোগে ফল উৎসব-২০২৬ শনিবার (১৮ জুলাই) ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কেয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড কেয়ার স্কুল অ্যান্ড হোমস-এর পরিচালক জহিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দেশি-বিদেশি নানা ফলের বাংলা, ইংরেজি ও বৈজ্ঞানিক নাম উপস্থাপন করে। পাশাপাশি তারা কবিতা আবৃত্তি, গান এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
শিক্ষার সঙ্গে আনন্দের সমন্বয়ে আয়োজিত এ ফল উৎসব শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।