স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গাজীপুর মহানগরে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর মহানগরের ভোগরা বাইপাস এলাকা থেকে শুরু হয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ১১ দলীয় জোটের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নেন। পুরো কর্মসূচিজুড়ে গণরায়ের বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ. স. ম. ফারুক, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর খেলাফত মজলিসের সেক্রেটারি নিজাম উদ্দিন, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াত নেতা নিয়ামত উল্লাহ শাকের, মেট্রো সদর থানা জামায়াতের আমীর মোঃ ছাদেকুজ্জামান খান, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত এবং বাসন থানা জামায়াতের আমীর মাওলানা আকরামুল ইসলামসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের স্পষ্ট গণরায়ের প্রতিফলন নিশ্চিত করা এবং অতীতে সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করা বর্তমান সময়ের অন্যতম জাতীয় দাবি। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার আরও ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা জনগণকে ঘোষিত মাসব্যাপী কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।