স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক আবেগঘন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদ পরিবারের মর্যাদা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাকিলের পিতা বেলায়েত হোসেন, শহীদ সামিউন আমান নূরের পিতা আমানুল্লাহ, শহীদ ফরিদের বড় ভাইসহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাঁদের স্মৃতিচারণ করেন। তারা শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের দিনগুলোর অভিজ্ঞতা এবং পরিবারের কষ্ট-সংগ্রামের কথা তুলে ধরেন।
শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় এক শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের পরিবারের সম্মান ও অধিকার নিশ্চিত করা জাতির নৈতিক দায়িত্ব। তিনি শহীদ পরিবারের পাশে থেকে তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি মুহাম্মদ আব্দুর রব বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা কখনো বিস্মৃত হওয়ার নয়। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম, ন্যায়বিচার ও আদর্শিক সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. খায়রুল হাসান ও হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, মাওলানা আজহারুল ইসলাম মোল্লাসহ মহানগর কর্মপরিষদের সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে। শহীদ পরিবারের প্রতি সম্মান, জাতীয় ঐক্য, ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।