বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।

আজকের চীন যে এত উন্নত হয়েছে, তারা তাদের নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে ও কাজ করে উন্নত হয়েছে। কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারেনা সে জন্য নিজেদেরই চেষ্টা করতে হয়।

শুক্রবার গতকাল বেলা ১২ টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রীর উদ্যোগে চীনা দূতাবাসের সৌজন্যে ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে কাজ করতে চান। শিশুদের ভালোভাবে লেখাপড়া করাতে চান তাদের উন্নত করতে চান। এজন্য তিনি কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের পোশাক, শিক্ষা সামগ্রী ফ্রিতে বিতরণ সেই সাথে শিশুরা যাতে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা আজকে এখানে চীনের রাষ্ট্রদূতকে পেয়েছি তাই আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বের মধ্যে একটি উন্নত দেশ চীন এবং প্রতিনিয়তই উন্নত হচ্ছে। চীন বিভিন্ন দেশের জনগণের উন্নয়ন করছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রেও তারা সমর্থন দিচ্ছে। তাই আমি উনাদেরকে দিয়ে ঠাকুরগাঁওয়ের কিছু কাজ করাতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন চলতি বছরের ও আগামী বছরের মধ্যে কলকারখানা স্থাপন করার জন্য চীন থেকে একটি প্রতিনিধি দল এখানে আসবেন, দেখবেন ও ভিজিট করবেন। এসময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে নিজের ভালো বন্ধু হিসেবে আখ্যায়িত করেন মির্জা ফখরুল।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার দেয়া বক্তব্যে বলেন, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের জেলা ঠাকুরগাঁওয়ে এসে আমি খুব আনন্দিত। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন,এজন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রতিবছর বাংলাদেশের জনগণের সাথে চীনের সম্পর্ক অনেক গভীর। প্রতি বছর আপনাদের জন্য কিছু বিতরণ করা হবে। আপনারা জানেন যে শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আমি আশা করি এই শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করবে। এখানে অনেক কৃষি জমি আছে। সে দিক দিয়ে আমরা কাজ করতে চাই এবং চলতি বছরের জুলাই -আগস্ট মাসে একটি প্রতিনিধি দল আসবেন আপনাদের এখানে ভিজিট করতে।

তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যে এখানকার ছাত্র ছাত্রীদের নিয়ে চীন সফর করা হবে। পর্যায়ক্রমে সবাই চিনে সফর করার সুযোগ পাবেন এবং বাংলাদেশ ও চীনের বুন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব ও সমর্থন অব্যাহত থাকবে।

“তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের প্রায় ৬ হাজার ৫শ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ,খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।